রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনেক ষড়যন্ত্র হচ্ছে, আরও অনেক ষড়যন্ত্র হচ্ছে, আরও হবে’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে। আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে—আপনি দয়া করে সাবধান থাকবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এভাবেই সতর্ক করলেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রশংসনীয় কর্মকাণ্ড কিছু ‘খারাপ লোকের খারাপ কথা ও কাজে’ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীর পাশে বসেই এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মির্জা আব্বাস বলেন, আজ একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই, এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, নিঃসন্দেহে তিনি অনেক উদার। তবে সব সময় ও সব জায়গায় একইভাবে চলা সম্ভব নয়। দলের অনেক কর্মী ও নেতা প্রধানমন্ত্রীর সামনে ভালো ভালো কথা বললেও বাইরে গিয়ে ভিন্ন ধরনের কথা বলেন বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, কখনো একাকী সুযোগ পেলে প্রধানমন্ত্রীকে এসব বিষয়ে আরও বিস্তারিত জানাবেন।

‘শহীদ জিয়ার স্বাভাবিক মৃত্যু হয়নি’

প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়নি।

একই সঙ্গে বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তাঁকে কেউ হত্যা না করলেও যেভাবে তিনি মারা গেছেন, সেটি দলের কারও কাম্য ছিল না।

‘ভালো কাজ খারাপ লোকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, ইতোমধ্যে তিনি বহু প্রশংসনীয় কাজ করেছেন। তবে তাঁর দাবি, কিছু খারাপ লোকের খারাপ কথা ও কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রীর ভালো কাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীকে বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর রাখার অনুরোধ জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে আবেগঘন বক্তব্য

আলোচনা সভায় একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই দলকে আমি অনেক ভালোবাসি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করলেও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কখনো মিস করেননি বলেও জানান তিনি। সেই ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই এবারও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে উল্লেখ করেন মির্জা আব্বাস।

শেষে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সঠিক তথ্য প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাসের বক্তব্যে একদিকে যেমন প্রধানমন্ত্রীকে সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করার বার্তা উঠে এসেছে, অন্যদিকে দলের অভ্যন্তরে তথ্যের স্বচ্ছতা, নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।