সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, মোহাম্মদপুরে নিহত গ্যাং লিডার ‘অ্যালেক্স ইমন’

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন ‘অ্যালেক্স ইমন’ গ্রুপের দলনেতা মো. ইমন, যিনি এলাকাজুড়ে ‘অ্যালেক্স ইমন’ নামেই পরিচিত ছিলেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ‘অ্যালেক্স ইমন’ গ্রুপ ও ‘আরমান শাহরুখ’ গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইমন। পরে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশ এলাকায় টহল জোরদার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— মো. সাইফ, তুহিন ও রাব্বি কাজী। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে, যা সংঘর্ষে ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এসব গ্যাংয়ের বিরুদ্ধে ছিনতাই, মাদক কারবার ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।