শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে: দুদক মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৫, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, আসিফ মাহমুদসহ ১৬ জনের বিরুদ্ধে নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে দুই কোটি ২৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর থেকে অনুসন্ধানে নামে দুদক।

পরে গত ১৩ সেপ্টেম্বর আসিফের বিরুদ্ধে আরও ১৩ হাজার ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের তথ্য জানানো হয়। দুটি অভিযোগেরই অনুসন্ধান চলমান রয়েছে।

দুদক মহাপরিচালক বলেন, দুদকের বড় বড় মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করছে যৌথ অনুসন্ধান দল (জিট)। তাদের কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যক্রম চলছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্ত রয়েছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার কার্যক্রমও চলমান। তাঁর বিরুদ্ধে মামলা, অভিযোগ সংক্রান্ত কোনো ফাইলই আটকানো নেই। কাজের গতি মন্থরও হয়নি।

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের কার্যক্রমের বিষয়ে বলা হয়, ২০ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মামলা হয়েছে ১২১টি, চার্জশিট দেওয়া হয়েছে ৬১টি, এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে ৬১টি, ফাঁদ মামলা করা হয়েছে ১টি। আদালত দুদকের ৬৮টি আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ফ্রিজ করা হয়েছে। একই সময়ে ২২ জন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিদেশ ভ্রমণ রহিত করার আদেশও দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।