ফাইল ছবি সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং সারাদেশে সমন্বিত নজরদারি জোরদার করা হবে।
আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আসন্ন ঈদ-উল-আজহা ২০২৬ উপলক্ষ্যে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, যানজট নিয়ন্ত্রণ ও কোরবানির পশুর হাটের নিরাপত্তাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, ঈদের আগে ও পরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঈদের আগের সাত দিন এবং পরের সাত দিন এ সেল সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতিতে সহায়তা নিশ্চিতে পুলিশ, ফায়ার সার্ভিস (১০২) ও বিআইডব্লিউটিএ’র (১৬১১৩) হটলাইন নম্বর চালু থাকবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট বসবে। প্রতিটি হাটে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা ও জালনোট শনাক্তে ব্যাংক বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী ‘অঙ্গীভূত আনসার’ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হবে।
সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাতে আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে। পাশাপাশি সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারিও থাকবে।
চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, কোরবানির পশুর চামড়ার গুণগত মান ঠিক রাখতে জবাইয়ের দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের বিষয়ে দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।
ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কের গর্ত দ্রুত সংস্কার এবং ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
