শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উচ্চশিক্ষায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে সিআইইউতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি-সংগৃহীত

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার, সম্ভাবনা এবং সীমাবদ্ধতা নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ‘ন্যাভিগেটিং রেসপনসিবল ইউজেস অব এআই ইন টিচিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম. এম. নুরুল আবসারের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফজলুল রাব্বানী। উদ্বোধনী বক্তব্য দেন সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক ও সিআইইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের ভারপ্রাপ্ত সমন্বয়ক অনির্বাণ বড়ুয়া। সেমিনার সঞ্চালনা করেন সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ও সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) পরিচালক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ।

সেমিনারে শিক্ষাদান, শিখন ও গবেষণায় এআইয়ের ব্যবহার, শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা উন্নয়ন এবং পাঠদানকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গবেষণায় নতুন সম্ভাবনা সৃষ্টিতে এআইয়ের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রযুক্তিটির সীমাবদ্ধতা ও ব্যবহারজনিত চ্যালেঞ্জ উঠে আসে। শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি এবং গবেষণার মৌলিকত্ব বজায় রেখে এআইয়ের নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। তাঁরা উচ্চশিক্ষায় এআইয়ের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।