রাজনৈতিক বার্তা নাকি ভয় দেখানোর কৌশল? গাংনীতে বোমাসদৃশ বস্তু উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ফাইল ছবি
এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না। এমন হুমকিমূলক লেখা সম্বলিত একটি চিরকুট এবং একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিস্বরূপ ওই চিরকুটটি উদ্ধার করা হয়।
দোকান মালিক শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ব্যবসা-বাণিজ্য শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ও চিরকুটটি উদ্ধার করে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভয়ভীতি প্রদর্শনের জন্য এ ঘটনা ঘটানো হয়েছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
