শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এজেআর কুরিয়ারে হামলা: মামলার বাদীকে হত্যার হুমকি, সমঝোতা না করলে ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৪, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসে সন্ত্রাসী হামলা

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’ বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর প্রতিষ্ঠানটির আরও দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত ১১টার দিকে মামলার বাদী ও এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক আফসার উদ্দিনকে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আফসার উদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে অপরিচিত একটি নম্বর থেকে আমাকে ফোন দিয়ে মামলার বিষয়টি নিয়ে সমঝোতা করতে বলা হয়। তা না হলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। আমি পুলিশ ও আমার প্রতিষ্ঠানকে বিষয়টি জানিয়েছি। প্রতিষ্ঠান থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ফোনে অশ্লীল গালাগাল, শনিবার পর্যন্ত সময়

বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনের একটি অডিওতে শোনা যায়, ফোনের অপর প্রান্ত থেকে সালাম দিয়ে আফসার উদ্দিনকে বলা হচ্ছে, ‘ভাই, মামলার বাদী যে হলেন, আপনার নিজের মামলার বাদী কে হবেন?’

এ সময় আফসার উদ্দিন জানতে চান, ‘কোনটা ভাই?’

জবাবে হুমকিদাতা বলেন, ‘কোনটা আপনি বোঝেন না?’

এরপর ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালাগাল করেন। শনিবারের মধ্যে যোগাযোগ করে সমঝোতা না করলে লাশ পড়ে থাকবে বলে হুমকি দেন তিনি।

পরে আফসার উদ্দিন ফোনকারী ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘তোর বাপ বলছি।’ এরপর আবারও গালাগাল করে হুমকিদাতা বলেন, ‘কালকের দিন সময় দিলাম, তোর বাপের সাথে কথা বলে ঝামেলা শেষ করতে বল। না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’

আফসার উদ্দিন আবার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ‘নাম-পরিচয় জানস না, কেডা ফোন দিতে পারে?’

এ সময় আফসার উদ্দিন জানান, তিনি প্রতিষ্ঠানের মালিক নন। তখন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘মালিক না তো বাদী হইছোস কেমনে?’ এরপর ফোন কেটে দেন হুমকিদাতা।

জমির ভাড়া নিয়ে বিরোধ, কুরিয়ার কার্যালয়ে হামলা

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’—এমন দাবি তুলে হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে সেখানে হামলা চালায়। ভাঙচুরের পর কয়েক লাখ টাকার পণ্য ও সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায় তারা।

কর্মকর্তারা জানান, এজেআর কুরিয়ার সার্ভিস দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে ওই জমি ভাড়া নেয়। তবে সম্প্রতি জমির ভাড়া ইমনকে দিতে হুমকি দেওয়া হচ্ছে।

মামলায় গ্রেপ্তার আট, ফের ভাঙচুর দুটি গাড়ি

হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যেই শনিবার সকালে প্রতিষ্ঠানটির আরও দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপক আফসার উদ্দিন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘বাদীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। অডিওটি যাচাই করা হচ্ছে। এ বিষয়টিকেও মামলার তদন্তের আওতায় আনা হচ্ছে।’

মামলার বাদীকে দেওয়া হত্যার হুমকি এবং নতুন করে গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্ত করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।