সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওসমান হাদি হত্যাকাণ্ড: মূল আসামি মাসুদ ও আলমগীর ভারতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর

রাজধানীর আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই মূল আসামিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন।

গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদ, যিনি রাহুল নামেও পরিচিত, তার বাড়ি পটুয়াখালী জেলায়। অপরজন ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আত্মগোপনে ছিলেন। বনগাঁ সীমান্তের একটি এলাকায় আশ্রয় নিয়ে সুযোগের অপেক্ষায় ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিশেষ দল।

এসটিএফ সূত্র জানায়, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এখন মূল আসামিদের গ্রেপ্তারের খবর সামনে আসায় মামলার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।