মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

আহত ২, প্রাণ গেল ৬ গরুরও; দুমড়ে-মুচড়ে গেল পিকআপ। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে পিকআপে থাকা ছোট-বড় মিলিয়ে ছয়টি গরুও মারা গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি স্বাভাবিক করে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সুখিয়া বাজার এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদরাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) এবং একই এলাকার পিকআপচালক খোকন (৩৯)।

পাকুন্দিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি পিকআপের সুখিয়া বাজার সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, পিকআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ সামনের তিন আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় পিকআপের পেছনে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। পাশাপাশি পিকআপে থাকা ছয়টি গরুও ঘটনাস্থলেই মারা যায়। বাসটির সামনের অংশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।