মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খোকসার আলোচিত জোড়া হত্যা মামলায় দুই মূল আসামি গ্রেপ্তার, রিমান্ডের আবেদন করবে পুলিশ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

খোকসায় চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার দুই মূল আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে ওসমানপুর ইউনিয়নের দেবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার দুই মূল আসামি মো. মিন্টু শেখ ওরফে লাড্ডু (৪৫) এবং মো. নূর আমিন শেখ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে ওই বিরোধের জের ধরে মিন্টু চৌকিদার গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সেখানে থাকা ছালিম হোসেনের সমর্থক ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডল-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন।

গুরুতর আহত মুল্লুক মণ্ডল-কে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।