গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা উপলক্ষে কুষ্টিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির ৩০৮ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় গণভোটে কুষ্টিয়া জেলার অ্যাম্বাসেডররা অংশগ্রহণ করেন। সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের গুরুত্ব এবং জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি কুষ্টিয়া জেলা প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণভোটে কুষ্টিয়া–৩ আসনের অ্যাম্বাসেডর ইমাম জাফর নোমানী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া–৪ আসনের অ্যাম্বাসেডর অধ্যাপক হেলাল উদ্দিন এবং এনসিপি কুষ্টিয়া জেলার যুগ্ম সমন্বয়কারী এবাদত আলী।
বক্তারা বলেন, গণভোট দেশের গণতন্ত্র, মর্যাদা ও মুক্তির জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এ গণভোটের মাধ্যমে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হবে। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় আরও বলা হয়, শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণার মাধ্যমে জনগণের কাছে গণভোটের তাৎপর্য তুলে ধরতে হবে এবং যেকোনো অপপ্রচার রুখে দিতে সচেতন ভূমিকা রাখতে হবে। সভা শেষে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণাকে বেগবান করতে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
