অপুষ্টি ও অন্ধত্ব রোধে বড় উদ্যোগ, চট্টগ্রাম বিভাগে ৫৪ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় আয়োজিত ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা। ছবি: সংগৃহীত
শিশুর অপুষ্টি ও প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় এবার চট্টগ্রাম বিভাগে ৫৪ লাখ ৭৮ হাজার ৫২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুন, রোববার, সারাদেশের সঙ্গে একযোগে চট্টগ্রাম বিভাগেও দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন রয়েল রোডে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে আয়োজিত ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানো হবে।
ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি ও অন্ধত্ব প্রতিরোধ, স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিত করা এবং হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি অভিভাবককে নির্ধারিত দিনে শিশুদের ক্যাম্পেইনে নিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মাহমুদা আক্তার। এছাড়া বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
