ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ কথিত শীর্ষ মাদক কারবারি আব্দুর রহমান এবং তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি দল ফুলকুড়ি সিএন্ডবি ঘাট এলাকায় আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে, তার স্ত্রী ও দুই ছেলেকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)।
রোববার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, তার নেতৃত্বে সদর মডেল থানার কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে বাড়ি থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন, হেরোইন প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম, পাঁচটি স্মার্টফোন এবং নগদ ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া তার স্ত্রী ও দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
পুলিশের দাবি, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
