বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চীনে চাকরির প্রলোভনে ঢাকায় এনে আটকে রাখা ১২ নারী উদ্ধার, দুজনের বয়স ১৫

সমতল মাতৃভূমি ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিদেশে পাচারের উদ্দেশ্যে দুই বাসায় আটকে রাখার অভিযোগ • শারীরিক ও মানসিক নির্যাতন, অনৈতিক কাজে বাধ্য করার চাপ। উদ্ধার হওয়া ১২ নারীর ১০ জন

চীনে উচ্চ বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারীকে আটকে রাখার অভিযোগ উঠেছে। বিদেশে পাচারের উদ্দেশ্যে রাজধানীর দুটি বাসায় তাঁদের আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। উদ্ধার হওয়া নারীদের মধ্যে দুজনের বয়স মাত্র ১৫ বছর।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর উত্তরা পশ্চিম ও ভাটারা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ করেছেন।

এসআরবি-১-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার-সংলগ্ন এলাকা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নারীকে উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া ওই দুই নারীর দেওয়া তথ্য এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ভাটারা এলাকায় অভিযান চালানো হয়। সোমবার রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত একটি বাসায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুই অভিযানে ১২ নারীকে উদ্ধার করে এসআরবি-১।

চাকরির প্রলোভন, এরপর আটকে রেখে নির্যাতনের অভিযোগ

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, তাঁদের চীনে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাঁদের একটি বাসায় আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, আটকে রাখা অবস্থায় তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর জন্য চাপ দেওয়া হয়।

পরিবারের জিম্মায় ১২ নারী, মামলা করার প্রস্তুতি

উদ্ধার হওয়া ১২ নারীকে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন বাহিনীটির গণমাধ্যম কর্মকর্তা। তবে এ ঘটনায় অভিযুক্তদের পরিচয়, তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।