রাজধানীর ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।
বুধবার সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন।
স্থানীয়রা জানান, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে বসে ভোটারদের কাছে টাকা বিতরণ করা হচ্ছিল। এ সময় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগ যাচাই-বাছাই করেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পান।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, “হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে নগদ টাকা পাওয়া গেছে।”
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে দুই দিনের কারাদণ্ড দেন। নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রের আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
