ছবি সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চালিয়ে ২,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে জেলার ত্রিশাল থানার বীররামপুর উজানপাড়া বটতলা এলাকায় ত্রিশাল–বালিপাড়া পাকা সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মো. আনোয়ার হোসাইন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের ভাটির চরনওপাড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ২,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সরবরাহ চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে ত্রিশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
