মোহাম্মদ এজাজ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁর স্থলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে এ দায়িত্ব দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক হিসেবে সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তাঁর বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন; এ ছাড়া অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন না।
উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
