সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনে গড়ে ৪১ জনের আত্মহত্যা পারিবারিক কলহ, দাম্পত্য সংকট আর মানসিক চাপ—নীরবে কেড়ে নিচ্ছে প্রাণ

অনুসন্ধান প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে আত্মহত্যার ঘটনা। পরিসংখ্যান বলছে, বিষয়টি এখন আর বিচ্ছিন্ন নয়—এটি একটি ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারাদেশে আত্মহত্যা করেছেন ১৩ হাজার ৪৯১ জন। অর্থাৎ, গড়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন ৪১ জন। ডিসেম্বর মাসের চূড়ান্ত হিসাব এখনো না পাওয়ায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আর্থিক সহায়তায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) পরিচালিত জাতীয় জরিপে দেখা যায়, ২০২৩ সালে আত্মহত্যা করেছেন ২০ হাজার ৫০৫ জন। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৩ হাজার ৯২০।

আত্মহত্যার পেছনে কী কারণ? সম্প্রতি আত্মহত্যা করেছেন—এমন নারী-পুরুষের ১০টি পরিবারের সঙ্গে কথা বলেছে সমতল মাতৃভূমি। স্বজনদের ভাষ্যে উঠে এসেছে আত্মহত্যার পেছনের পরিচিত কিন্তু উপেক্ষিত কিছু কারণ—

*পারিবারিক কলহ

*দাম্পত্য সংকট

*আর্থিক অনিশ্চয়তা

*সামাজিক চাপ

*মানসিক জটিলতা ও বিষণ্নতা

*উদ্বেগজনক বিষয় হলো, আত্মহত্যাকারীদের কেউই মানসিক চাপ বা বিষণ্নতা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হননি।

একের পর এক মর্মান্তিক ঘটনা—

সর্বশেষ সোমবার গাজীপুরের পুবাইলে একটি রেলক্রসিংয়ে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন গৃহবধূ হাফেজা খাতুন মালা (৩৫)। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন।

এর আগে, ১৬ জানুয়ারি রাতে রাজধানীর বড় মগবাজারে ভাড়া বাসায় আত্মহত্যা করেন শম্পা আক্তার রিভা (২৬)। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তিনি এই চরম সিদ্ধান্ত নেন।

আত্মহত্যার ঠিক আগে স্বামী সুমনের মোবাইলে পাঠানো এক ভয়েস মেসেজে শম্পা বলেন— আজ কিন্তু আমার কোনো দোষ ছিল না। আমি হাসিখুশিতে ভাইয়াকে ভাত দিলাম। তুমি আমাকে চিৎকার করে কথা বললা… আমি তো তোমার কাছে আশ্রয় নিতে আইছি…”

বিচ্ছেদ, ঋণ আর নিঃসঙ্গতা—-গত শনিবার খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তা শাহানুর রহমান (৪৪) আত্মহত্যা করেন। তাঁর ভাই জানান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ব্যক্তিগত ঋণ ও নানা চাপের কারণে তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।

সম্পর্ক ভাঙনের যন্ত্রণা—১৭ জানুয়ারি রাতে মিরপুরে আত্মহত্যা করেন কলেজছাত্রী সানজিদা ইসলাম মিম (১৯)। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সাত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা তিনি সহ্য করতে পারেননি।

এর আগের দিন ডেমরায় পোশাকশ্রমিক কোহিনুর (৪০) আত্মহত্যা করেন। তাঁর পরিবার আজও জানে না—কোন দুঃখ তাঁকে এমন সিদ্ধান্তে ঠেলে দিয়েছিল। উল্লেখযোগ্য বিষয়, তাঁর পরিবারে অতীতেও একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞদের মত, ফরিদপুর মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, মানুষ কখনো একটি কারণে আত্মহত্যা করে না। দীর্ঘ সময় ধরে জমে থাকা একাধিক কারণ মিলেই এই প্রবণতা তৈরি হয়। সময়মতো বিজ্ঞানভিত্তিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক আত্মহত্যা প্রতিরোধ সম্ভব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, কার্যকর জীবন কাঠামোর অভাবে সংকটে মানুষ একা হয়ে পড়ে। সম্পর্কজনিত বিরোধ, সামাজিক অসহযোগিতা আর ন্যূনতম জীবনমানের অনিশ্চয়তা হতাশা বাড়ায়।

প্রতিরোধে করণীয়-

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক এইচ এম শাহাদাত হোসাইন বলেন, আত্মহত্যা রোধে—পারিবারিক ও মানসিক সংকটে দ্রুত হস্তক্ষেপ। কমিউনিটি পুলিশিং জোরদার, কাউন্সেলিং ও সামাজিক সহায়তা বাড়ানো, জরুরি মুহূর্তে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ দ্রুত যোগাযোগ অত্যন্ত জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।