শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে গিয়ে নিজের ছেলের মরদেহ! কিশোরগঞ্জে হৃদয়বিদারক ট্র্যাজেডি

কিশোরগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন কনস্টেবল সামছুল। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র। তবে ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তোলে একটি নির্মম বাস্তবতা—দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে গিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার এক পুলিশ সদস্য দেখতে পান, নিহত শিশুটি আর কেউ নয়, তারই আদরের ছেলে। সেই মুহূর্তে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। উপস্থিত মানুষের চোখও অশ্রুসজল হয়ে ওঠে।

শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার আব্দুল ওয়াহেদ জনতা স্কুল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন (১০) স্থানীয় আব্দুল ওয়াহেদ জনতা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা সামছুল, কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক কনস্টেবল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পায় সদর মডেল থানা। খবর পেয়ে কনস্টেবল সামছুলসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে সড়কে পড়ে থাকা শিশুটির মরদেহ দেখে তিনি স্তব্ধ হয়ে যান। কিছুক্ষণ পর নিশ্চিত হন—নিহত শিশুটি তার নিজের ছেলে তুহিন।

ছেলের নিথর দেহ বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সামছুল। হৃদয়বিদারক সেই দৃশ্যে উপস্থিত পথচারী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তুহিনের মরদেহ ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেও সহকর্মীদের সামনে সন্তান হারানোর শোকে বিলাপ করতে দেখা যায় কনস্টেবল সামছুলকে। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সহকর্মী পুলিশ সদস্যরা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, কনস্টেবল সামছুলের বাড়ি নেত্রকোণা জেলায়। তিনি পরিবার নিয়ে গাইটাল এলাকার জনতা স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিন ছেলের মধ্যে তুহিন ছিল মেঝো সন্তান।

ওসি আরও জানান, শুক্রবার সকালে সাইকেল চালিয়ে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।