দেশের সব বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটি গঠনসংক্রান্ত নতুন প্রবিধানমালা, ২০২৬ চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।
জরুরি বিজ্ঞপ্তির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
নতুন প্রবিধানমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠনের নিয়মে পরিবর্তন আনতে ২০২৬ সালের নতুন প্রবিধানমালার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে কমিটির সভাপতি নির্বাচন ও মনোনয়ন পদ্ধতি, সভাপতির যোগ্যতা এবং ক্ষমতার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। তবে প্রবিধানমালাটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
প্রস্তাবিত বিধান অনুযায়ী, ম্যানেজিং কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক, জনপ্রতিনিধি এবং কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদেরও সভাপতি হওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে। এ ছাড়া সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
নতুন প্রবিধানমালাটি চূড়ান্ত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন, সভাপতির যোগ্যতা ও নির্বাচনপ্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে।
মন্ত্রণালয়ের সভায় হয়েছে আলোচনা
এর আগে গত ১৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রস্তাবিত প্রবিধানমালা নিয়ে আলোচনা হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদনের পর প্রস্তাবিত সংশোধনীগুলো চূড়ান্ত করা হবে।
নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দেশের বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি হলে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
