কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের দাড়েরপাড়া গ্রামে স্বামীর ব্যবসার নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী স্বামী মোঃ শাহিন রেজা (৩৩)।
ভুক্তভোগী শাহিন রেজা জানান, গত ২১ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে তার স্ত্রী শামিমা আক্তার তানিয়া পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চলে যান।
তিনি দাবি করেন, ঘটনার আগে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল। ঝামেলার পর তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। দীর্ঘ সময় বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রী বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন এবং ব্যবসার প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি ত্যাগ করেন।
শাহিন রেজার অভিযোগ, তার স্ত্রী মোবাইল ফোনে অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। তিনি আরও বলেন, তার মেয়ের সামনেই নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে চলে যান তার স্ত্রী।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। পরবর্তীতে জানতে পারেন, তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন। তবে যোগাযোগের সকল মাধ্যম বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেন শাহিন।
এ ঘটনায় তিনি দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান। একই সঙ্গে প্রশাসনের কাছে তার নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শামিমা আক্তার তানিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
