সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধান বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

সুনামগঞ্জের মধ্যনগরে ফসল রক্ষার চেষ্টায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরমান হোসেন (২০) নামে এক যুবক। রোববার দুপুরে উপজেলার গুড়াডোবা হাওরের শৌলডুয়ারী ফসল রক্ষা বাঁধে মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়। নিহত আরমান সদর ইউনিয়নের শালিয়ানী গ্রামের চাঁনফর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফসল রক্ষার উদ্দেশ্যে গত শুক্রবার গুড়াডোবা হাওরের শৌলডুয়ারী বাঁধটি কেটে দেন স্থানীয় কৃষকরা। তবে কাটা অংশ অগভীর থাকায় পানি ঠিকমতো নদীতে নামছিল না। এ অবস্থায় রোববার আরও গভীর করে বাঁধ কাটতে যান কয়েকজন কৃষক, তাদের সঙ্গে ছিলেন আরমানও।

কাজ করার একপর্যায়ে হঠাৎ করেই বাঁধের মাটি ধসে পড়ে এবং আরমান মাটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে থাকা অন্য কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর দুপুর ২টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার জানান, হাসপাতালে আনার আগেই আরমানের মৃত্যু হয়েছিল।

মধ্যনগর থানার ওসি একেএম শাহাবুদ্দিন বলেন, বাঁধটি আগেই কাটা ছিল। রোববার সেটি আরও গভীর করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে এবং আরমান মাটিচাপা পড়ে মারা যান।

এদিকে সংশ্লিষ্ট বাঁধের পিআইসি সভাপতি দীলিপ রায় দাবি করেন, গত শুক্রবার সন্ধ্যায় কয়েক গ্রামের কৃষক বাঁধটি কেটে দেয়। তিনি বাধা দিলেও তা মানা হয়নি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী নূর আলম জানান, প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই বাঁধটি কাটা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।