শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে হৃদয়বিদারক ট্র্যাজেডি: খালের পানিতে ডুবে প্রাণ গেল ৪ মাদরাসাশিক্ষার্থীর, স্বজনদের আহাজারিতে ভারী জনপদ

নরসিংদী প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

মৃত শিশুদের স্বজনদের আহাজারি ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় খালের পানিতে ডুবে চার মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও গ্রামের পরিবেশ।

নিহতরা হলেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার একমাত্র মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮)। অপর এক শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসায় টিফিনের বিরতির সময় ছয় শিক্ষার্থী একসঙ্গে পাশের একটি খালে গোসল করতে নামে। তাদের মধ্যে কয়েকজন সাঁতার না জানায় হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাবিয়া, আয়েশা, জান্নাতসহ চার শিক্ষার্থী পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জানান, ছয় শিক্ষার্থী খালে গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে চারজন পানিতে ডুবে মারা যায়। অপর দুই শিক্ষার্থী কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে রক্ষা পায়।

নিহত তাবিয়ার বাবা শামীম মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাবিয়া আমার একমাত্র মেয়ে। অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।” তার এই আর্তনাদ উপস্থিত সবার হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল। পরে অপর শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টিও নিশ্চিত হয়।

এই মর্মান্তিক ঘটনায় বড়কান্দা গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একসঙ্গে চার কিশোরী শিক্ষার্থীর প্রাণহানিতে স্থানীয়দের মধ্যে শোক ও বেদনার পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও জলাশয়ে সচেতনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।