বিজেইউসি আয়োজিত নারী দিবসের সন্মাননা অনুষ্ঠানে ড. সুকোমল বড়ুয়া ছবি সংগৃহীত
বিশ্ব নারী দিবসের আবহ, সম্মাননা আর মানবিকতার ছোঁয়ায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেল রোববার বিকেলে রূপ নেয় অনন্য এক মিলনমেলায়। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, সমাজ গঠনে তাদের অবদান এবং সাংবাদিকতার সামাজিক দায়বদ্ধতা উঠে আসে এক আবেগঘন পরিমণ্ডলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বৌদ্ধতাত্ত্বিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি অনুষ্ঠানে বিশিষ্ট নারী ব্যক্তিত্বদের হাতে সম্মাননা তুলে দেন এবং সাংবাদিকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আয়োজন করা হয় বিশেষ ইফতার ও দোয়া মাহফিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, একটি সমৃদ্ধ ও মানবিক জাতি গঠনে নারীদের উন্নয়ন, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। আজকের বাংলাদেশে নারীরা খেলাধুলা, রাজনীতি, সাহিত্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যে সাহসী সাফল্যের স্বাক্ষর রাখছেন—তা সত্যিই আমাদের গর্বিত করে। তিনি আরও বলেন, বিশ্ব নারী দিবসে বিজেইউসি যে গুণী নারীদের সম্মানিত করেছে, তা সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন এবং একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা পালন করেন, তবে সাংবাদিকতার মর্যাদা আরও সমুন্নত হবে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি। বিজেইউসির কার্যকরী সভাপতি কবি রাজু আলীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, সাংবাদিক খোরশেদ আলম সীমান্ত এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি সাঈদ মাহমুদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব মাঈনুল রশিদ চৌধুরী এবং বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সাংগঠনিক সমন্বয়কারী সবুজ ইকবাল।
উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নারী সম্মাননা প্রদান পর্ব। এবারই প্রথম বিশ্ব নারী দিবস উপলক্ষে তিনজন বিশিষ্ট নারীকে বিশেষ সম্মাননা এবং একজন কৃতী ক্রীড়াবিদকে ‘বিজেইউসি বেস্ট অব দ্য ইয়ার’ পদক প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নারী অলরাউন্ডার মোছাম্মৎ শরিফা খাতুন, ৮৭টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচনকারী কবি শিমুল পারভীন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরান ঢাকা থেকে প্রথম ও একমাত্র নারী সংসদ সদস্য পদপ্রার্থী শাহানা সেলিম।
অন্যদিকে মাল্টি-স্পোর্টসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কনিষ্ঠ নারী অ্যাথলেট ফেরদৌস আক্তার মারিয়াকে প্রদান করা হয় ‘বিজেইউসি বেস্ট অব দ্য ইয়ার’ সম্মাননা।
নারীর সাফল্যকে সম্মান, সাংবাদিকদের ঐক্যের বার্তা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় আয়োজিত এই অনুষ্ঠান যেন নতুন প্রেরণার আলো ছড়িয়ে দিল উপস্থিত সকলের মাঝে। নারী শক্তির অগ্রযাত্রা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হয় আবেগঘন এই আয়োজন।
