ছবি : সমতল মাতৃভূমি
পটুয়াখালীতে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায়ে নকল করার অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের পরীক্ষায় হাতেনাতে নকল ধরা পড়ার পর পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পটুয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্তৃপক্ষের জারি করা পৃথক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব প্রফেসর লতিফা আখতার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কেন্দ্রে নকল করার সময় দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন সা* ইসলাম** (বোর্ড রোল-৭০৭৯১০) এবং মো. *** খান (বোর্ড রোল-২২২৮৩৩)। পরীক্ষা চলাকালে শিক্ষা বোর্ডের বিধিমালা লঙ্ঘন করে অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের চলমান পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
এর আগে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষাতেও একই কেন্দ্রে নকল করার সময় ধরা পড়েন পরীক্ষার্থী হাসান (বোর্ড রোল-২২২৬৭২)। পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকেও একইভাবে বহিষ্কার করা হয়।
এর আগে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষাতেও একই কেন্দ্রে নকল করার সময় ধরা পড়েন পরীক্ষার্থী হাসান (বোর্ড রোল-২২২৬৭২)। পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকেও একইভাবে বহিষ্কার করা হয়।
পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও কেন্দ্র কর্তৃপক্ষ কঠোর নজরদারি বজায় রেখেছে। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সকল পরীক্ষার্থীকে নিয়ম-কানুন মেনে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতেও নকল কিংবা পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তারা স্পষ্ট জানিয়েছেন।
