পটুয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক মানবকণ্ঠ ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার জেলা প্রতিনিধি মরহুম জাকির মাহমুদ সেলিম-এর রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালী প্রেসক্লাবে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন এই আয়োজনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সাংবাদিকরা তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
স্মরণসভায় বক্তারা মরহুম জাকির মাহমুদ সেলিমের পেশাগত সততা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্থানীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সাহসী ও দায়িত্বশীল ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সাংবাদিক সমাজে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, জাকির মাহমুদ সেলিম আমাদের একই চেতনা ও আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। আদর্শ, সততা ও পেশাগত দায়িত্ববোধের কারণে তিনি সবার কাছে সম্মানিত ছিলেন। তাঁর পরিবার যেন কখনো নিজেদের একা মনে না করে—আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তাঁর আদর্শ ও কর্ম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর অকাল মৃত্যু জেলার সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া এবং মরহুমের পুত্র আপন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্মানিত সাবেক সদস্য নির্মল কুমার রক্ষিত, আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন বাদল, অর্থবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য শংকর লাল দাস, চিনময় কর্মকার, মশিউর রহমান বাবলু, এইচ. এম. মোজাহিদুল ইসলাম নান্নু, মো. শাহীন খান, রাজীব দেবনাথ, অপূর্ব সরকারসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে মরহুম জাকির মাহমুদ সেলিমের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করেন।
