বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী জেলা পরিষদের উন্নয়নের নতুন অধ্যায়: প্রতিবন্ধী স্কুল ও মসজিদ সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষার্থীদের পাশে প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি)

পটুয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনতে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি) বড় আউলিয়াপুর ১নং ওয়ার্ডে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বুধবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি এই উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া এবং তাদের সঙ্গে আন্তরিক মতবিনিময়ের মাধ্যমে মানবিক দায়িত্ববোধেরও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

দিনের কর্মসূচির শুরুতে বড় আউলিয়াপুর ১নং ওয়ার্ডের মিলন পট্টি এলাকায় অবস্থিত প্রতিবন্ধী স্কুলের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদ প্রশাসক। পরে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলেন। তাদের লেখাপড়া, শিক্ষা-পরিবেশ, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

এরপর প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি) একই ওয়ার্ডের বায়তুল কারীম জামে মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদটির সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনায় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় অনুষ্ঠানে পটুয়াখালী জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীও অনুষ্ঠানে অংশ নিয়ে জেলা পরিষদের এই উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয়দের প্রত্যাশা, প্রতিবন্ধী বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের এই সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকার শিক্ষা, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসাধারণ আধুনিক ও উন্নত সেবার সুফল ভোগ করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।