রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিচয় দেওয়ার পরও ওসি বলেন—‘চোখ নিচে নামিয়ে কথা বল’: ক্রিকেটার নাঈম হাসান

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বাসায় সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার ফরিদাপাড়ায় নিজের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে গত শুক্রবার রাতের ঘটনার বর্ণনা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। শনিবার বিকেলে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে অভিযোগ করেন, পরিচয় দেওয়ার পরও পুলিশের পক্ষ থেকে তাকে অসম্মানজনক আচরণের শিকার হতে হয়েছে।

নাঈম হাসান বলেন, কোনো তথ্য থাকলে পুলিশ চাইলে তাকে থামিয়ে ব্যাগ তল্লাশি করতে পারত। কিন্তু সেটি না করে অটোরিকশা থেকে নামার পর আবার উঠতে গেলে একজন পুলিশ সদস্য হঠাৎ ভেতরে ঢুকে তার গলা চেপে ধরেন। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে কোনো ধরনের ব্যাগ চেক ছাড়াই তাকে থানায় নেওয়া হয়।

তিনি আরও জানান, থানায় গিয়ে নিজের পরিচয় দেওয়ার পরও কোনো সম্মানজনক আচরণ পাননি। তার ভাষায়, খুলশি থানার ওসি আরিফুর রহমান তাকে বলেন, ‘চোখ নিচে নামিয়ে কথা বল।’ কিছুক্ষণ পর একটি ফোনকলের পর আচরণের সুর পরিবর্তন হয়ে তাকে ‘ভাইয়া, আপনি বসেন’ বলে সম্বোধন করেন বলেও দাবি করেন নাঈম।

ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাঈম বলেন, ওই সময় আশপাশের মানুষ এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। প্রায় ১০০ থেকে ১২০ জন মানুষ সেখানে উপস্থিত ছিল বলেও তিনি উল্লেখ করেন। তাদের সহযোগিতায় শেষ পর্যন্ত তিনি থানায় যেতে সক্ষম হন বলে জানান।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান জাতীয় দলের এই ক্রিকেটার। তিনি বলেন, ‘মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত। গতকাল থেকে সারারাত ঘুমাতে পারিনি। বারবার ঘটনাটা বলতে হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে নাঈম হাসান বলেন, ‘আইন অনুযায়ী সরকার যে সর্বোচ্চ শাস্তি দিতে পারে, আমি সেটাই চাই। ভবিষ্যতে আর কোনো মানুষের সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে।

উল্লেখ্য, অফস্পিনার নাঈম হাসান বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলে ৪৮টি উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে চারবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।