আগামী ১১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে পূবাইল স্টেশন বাজার পরিচালনা কমিটির বহুল প্রত্যাশিত নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বাজারজুড়ে বইছে উৎসবের আমেজ। প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা, মতবিনিময় এবং নির্বাচনী আলোচনা। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে চায়ের আড্ডা—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন, কে হবেন আগামী দিনের পূবাইল স্টেশন বাজার ব্যবসায়ীদের অভিভাবক।
এ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জাহিদ ইকবাল সকল ব্যবসায়ীর কাছে দোয়া ও তাঁদের মূল্যবান ভোট কামনা করেছেন। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন ঘিরে বাজারের ব্যবসায়ী সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
সাধারণ ব্যবসায়ীদের একাংশের মতে, নতুন পরিচালনা কমিটি বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে।
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে সভাপতি প্রার্থী জাহিদ ইকবাল বলেন, “আমি বিজয়ী হলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসাবান্ধব বাজার গড়ে তুলতে কাজ করব। পূবাইল স্টেশন বাজারের প্রতিটি ব্যবসায়ী ভাই-বোনের স্বার্থ রক্ষাই হবে আমার অগ্রাধিকার। নিয়মিত বাজার মনিটরিং, স্বচ্ছ হিসাব ও তথ্য উপস্থাপন নিশ্চিত করব। পাশাপাশি বিশুদ্ধ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, নৈশপ্রহরীর ব্যবস্থা এবং বাজারের অন্যান্য সমস্যা সমাধানে টেকসই পদক্ষেপ গ্রহণ করব। সকল ব্যবসায়ীর জন্য সমান সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে পূবাইল স্টেশন বাজারের ব্যবসায়ীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ন্যায়, ইনসাফ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাজারের সার্বিক উন্নয়ন এবং একটি আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।
নির্বাচনকে ঘিরে পূবাইল স্টেশন বাজারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা আশা করছেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে নতুন দিগন্তের সূচনা হবে।
