রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পৌর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের ঝটিকা অভিযান: নিয়ম ভেঙে ব্যবসা, তিন দোকানে জরিমানা ২০ হাজার টাকা,

এস এম বাদল
মার্চ ১৪, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া সদর উপজেলার পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত এক ঝটিকা অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই তদারকিমূলক অভিযানে পৌর বাজারের কাপড় ও কসমেটিকসের দোকানগুলোতে বিশেষ নজরদারি করা হয়। অভিযানে দেখা যায়, অনেক দোকানে নির্ধারিত নিয়ম অনুযায়ী পণ্যের গায়ে মূল্য তালিকা উল্লেখ করা হয়নি এবং বিদেশি কসমেটিকস পণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্যও উল্লেখ নেই।

অভিযান চলাকালে একদর নীতিমালা থাকলেও কাপড়ের গায়ে মূল্য উল্লেখ না করায় পৌর বাজারের থ্রি পিস কর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিদেশি কসমেটিকসের ক্রয়ের বৈধ রশিদ না থাকা এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় পৌর বাজারের ইমন ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধরনের অনিয়মে পণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় পৌর বাজারের জ্যোতি কসমেটিকসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। এ সময় তাকে সহায়তা করেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।