প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ ও জাপান। মঙ্গলবার ঢাকায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। জাপানের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি স্বাক্ষরের দিন থেকেই এটি কার্যকর হয়েছে।
এই চুক্তির মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি হলো। যৌথভাবে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নে—বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখে এমন উদ্যোগে—এই সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা যাবে।
চুক্তিতে প্রতিটি হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি হস্তান্তরিত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে মৌলিক নীতিমালাও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া তৃতীয় কোনো পক্ষের কাছে এসব সরঞ্জাম বা প্রযুক্তি হস্তান্তর কিংবা নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহার রোধে কঠোর নিয়ন্ত্রণব্যবস্থার কথাও চুক্তিতে উল্লেখ করা হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে এটি জাপানের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা সংরক্ষণ ও উন্নয়নে সহায়ক হবে, যা দেশটির সামগ্রিক নিরাপত্তা জোরদারেও ভুমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
