মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নগর উন্নয়নে নতুন দিগন্ত, সংসদে উঠল ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন–২০২৬’ বিল

বিশেষ প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

পরিকল্পিত ও আধুনিক নগর গড়তে গঠিত হচ্ছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ সংরক্ষণ ও টেকসই অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব। ফাইল ছবি

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র বগুড়াকে পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে বগুড়ার জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পথ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের অনুমতিক্রমে বিলটি উত্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বিলটির মূল লক্ষ্য বগুড়া ও এর সন্নিহিত এলাকায় অপরিকল্পিত নগরায়ণ রোধ করে সমন্বিত, আধুনিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলা। একই সঙ্গে এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এসব লক্ষ্য বাস্তবায়নে বগুড়া ও এর আশপাশের এলাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। এর মাধ্যমে নগর পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনায় একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র হিসেবে বগুড়ায় দিন দিন নগরায়ণ, অবকাঠামোগত সম্প্রসারণ ও নাগরিক সুবিধার চাহিদা বাড়ছে। এ বাস্তবতায় অপরিকল্পিত নগর সম্প্রসারণ ঠেকানো, আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের লক্ষ্যেই পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য গত ২৩ জুলাই ২০২৬ তারিখে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। পরবর্তী সময়ে ২৬ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেয়।

এরপর গত ১৯ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বিলটির ভেটিং সম্পন্ন করে। বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ বিভাগের মাধ্যমে গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া ও এর সন্নিহিত এলাকায় পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং অপরিকল্পিত নগর সম্প্রসারণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সক্ষম নগরব্যবস্থা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সব মিলিয়ে, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ নগরকে আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।