মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বড়বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে দুই দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা

এস এম বাদল
মার্চ ৩, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া সদর উপজেলার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়।

মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) পরিচালিত তদারকিমূলক এ অভিযানে কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান এবং মুদি দোকান মনিটরিং করা হয়। অভিযানে দেখা যায়, খোলা লাচ্ছা সেমাইয়ের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকায় পণ্যের মূল্য প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘সুলতান স্টোর’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্যাকেটজাত সেমাই ও চানাচুরে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য উল্লেখ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ‘মেসার্স আনারুল স্টোর’-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এতে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।