নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় অবস্থিত ভাইরাল ‘আসলাম বিরিয়ানি হাউজ’-এ অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আসলাম বিরিয়ানি হাউজে অভিযান চালায়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির রান্নাঘরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে রান্নাঘরের ভেতরেই গরু জবাইয়ের ঘটনাও দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানার পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান এ ধরনের নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
