দেশজুড়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সংযমের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু আহ্বানেই সীমাবদ্ধ থাকেননি, নিজ দপ্তর থেকেই এর বাস্তব উদাহরণ তৈরি করেছেন তিনি। সচিবালয়ে নিজের কক্ষে অর্ধেক লাইট বন্ধ করে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাত্রা কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে এসে প্রথমেই নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন। পাশাপাশি এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কার্যকর বলে জানা গেছে।
শুধু নিজের কক্ষেই নয়, মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করেই তিনি কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পর তাঁর দপ্তরের সব কক্ষেই তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ করা হয় এবং এসির তাপমাত্রাও কমিয়ে দেওয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রী দেশের সব মন্ত্রণালয়, সরকারি অফিস-আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল ও বিপণিবিতানসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে তিনি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট বন্ধ রেখে জানালার পর্দা সরিয়ে সূর্যের প্রাকৃতিক আলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন, যাতে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা যায়।
