বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে পুলিশের ‘মাদকবিরোধী চিরুনি অভিযান’ : ৩ অভিযানে আটক ৫ কারবারি, উদ্ধার ১,০৪০ ট্যাপেন্টাডল ও ইয়াবা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে তিনটি পৃথক অভিযানে পাঁচজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৫ ও ১৬ জুন এসব অভিযান পরিচালনা করে বিরামপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১টা ৫৫ মিনিটে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের পেছনে অভিযান চালিয়ে মোঃ তাজমল হোসেন (৪৬), মোছাঃ লাইলী বেগম (৩৭) এবং মোঃ সবুজ (২৩)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (১৫ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকায় অবস্থিত বিরামপুর ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে মোঃ আসমান আলী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৫টায় উপজেলার খানপুর ইউনিয়নের বটতলী এলাকায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে মারিয়া সরেন (৫০) নামে এক নারীকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।