ফাইল ছবি
ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিয়াগো গার্সিয়াকে দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে অন্তত দুটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান—এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যটি প্রতিহত করা হয় মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, যা সংশ্লিষ্ট অঞ্চলে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরে।
এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোন প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্লেষকদের মতে, এই হামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো দূরত্ব। ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা তেহরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরিধি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, গত মাসেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসী দাবি করেছিলেন, দেশটি ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। তবে সাম্প্রতিক এই হামলার প্রেক্ষাপটে সেই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয় দেখা দিয়েছে।
কৌশলগত বিশ্লেষকদের মতে, যদি এই হামলার তথ্য সঠিক হয়, তাহলে এটি শুধু আঞ্চলিক নয়—বরং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে।
