সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারী বর্ষণে বান্দরবান অচল: সব পর্যটন কেন্দ্র বন্ধ, দুর্গম এলাকায় আটকা শতাধিক পর্যটক

বান্দরবান জেলা প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের চিম্বুক পাহাড়। ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণে পাহাড়ি জেলা বান্দরবানে সৃষ্টি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। রোববার রাত থেকে অবিরাম বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাঙ্গু নদীর পানি ও তীব্র স্রোতের কারণে থানচির তিন্দু, রেমাক্রী, নাফাখুম ও আমিয়াখুমসহ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ও স্রোত স্বাভাবিক না হওয়ায় আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত পর্যটকদের এসব এলাকায় ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠে কাজ করছে। জেলার বিভিন্ন স্থানে ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যাতে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারেন।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, টানা বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উপজেলা প্রশাসনকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সোমবার বান্দরবান-থানচি সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসের কারণে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী করা হয়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, পাহাড় ধসের কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখতে হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে নদীর তীব্র স্রোতের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোনো নৌযান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, নদীর পানি ও স্রোত স্বাভাবিক হলে পর্যায়ক্রমে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত না করার জন্য স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের আহ্বান- ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।