ফাইল ছবি
মাদকের অন্ধকার ছোবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করে একটি সুস্থ, নিরাপদ ও আলোকিত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক নানা বার্তা সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়। পারিবারিক বন্ধন, সামাজিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্যের অবৈধ পাচার ও চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগই হতে পারে মাদকের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছয়টি গ্রুপে বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনতার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি পটুয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালনে নতুন মাত্রা যোগ করেছে।
