ছবি : সংগৃহীত
মাদকাসক্ত ছেলের নির্যাতন আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেই থানায় লিখিত অভিযোগ করে তাকে পুলিশের হাতে তুলে দিলেন এক অসহায় মা। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার ফকিরপাড়া গ্রামে।
আব্দুর রাজ্জাক (৩০) সাঁথিয়া উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেজ ছেলে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি মাদক কেনার টাকা না পেলেই তিনি স্ত্রী ও মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং সংসারে অশান্তির সৃষ্টি করতেন। একাধিকবার নিজের মাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নিরুপায় হয়ে ভুক্তভোগী মা মনোয়ারা খাতুন পারিবারিকভাবে সবার সঙ্গে পরামর্শ করে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল রহমান মুন্সীর ছেলে রাজ্জাক মুন্সীকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া নাগডেমড়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ইউনুস প্রামানিকের ছেলে সানাউল্লাহকে মাদক সেবনের অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকেও আরও ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আব্দুর রাজ্জাকের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে দুই আসামিকেই জেলহাজতে পাঠানো হয়েছে।
