বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে হামলা-অগ্নিসংযোগ ‘ফ্যাসিজমের দোসরেরা’ করেছে: ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

উচ্ছেদ অভিযান চলবে, হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা হবে: শফিকুল ইসলাম খান। ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ‘ফ্যাসিজমের দোসরদের’ দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত এবং এর পেছনে আগে থেকেই প্রস্তুতি ছিল।

বুধবার দুপুর ১টার দিকে মিরপুর হোপ মার্কেট এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

শফিকুল ইসলাম খান বলেন, ‘আজকে এটা পরিকল্পিতভাবেই করেছে, তাদের আগেই প্রস্তুতি নেওয়া ছিল। ফ্যাসিজমের দোসরেরা এই কাজ করেছে।

ঘটনাস্থলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রশাসক বলেন, ‘সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিল। সরকারের বিরুদ্ধে কারা স্লোগান দেয়—যারা ফ্যাসিজমের দোসর।

নিজেকে মিরপুরের সন্তান উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মিরপুরের সন্তান। জন্ম আমার এখানে। কারা কী করে, আমার চেয়ে বেশি কেউ জানে না। তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমি একজন রাজনৈতিক কর্মী, জনসেবার দায়িত্ব নিয়েছি।’

পরিবহন, সাংবাদিক ও পুলিশের ওপর হামলার অভিযোগ

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজও ফুটপাত উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করার সময় যারা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রেখেছিল, তারা সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা করেছে।

তিনি জানান, পরে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যেতে বাধ্য হন।

শফিকুল ইসলাম বলেন, ‘নগরসেবার জন্য, আমার প্রিয় নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত উদ্ধারের যে কর্মসূচি আছে, তা চলমান থাকবে।

হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত দাবি করে তিনি বলেন, পরিকল্পিতভাবে ‘ফ্যাসিজমের দোসরেরা’ মসজিদে আগুন দিয়ে অরাজকতার সৃষ্টি করেছে।

হামলাকারীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের নির্দেশ

হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। তিনি বলেন, ‘অবৈধভাবে কাউকে এখানে ফুটপাত দখল করতে দেব না।’

তিনি আরও বলেন, ‘আমি যারা এই অরাজকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আজকে মামলা হবে। পুলিশের পক্ষ থেকে মামলা হবে, সিটি করপোরেশনের পক্ষ থেকেও মামলা হবে। তদন্ত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

শফিকুল ইসলামের দাবি, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়। ভবিষ্যতে কারও ইন্ধনে ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

‘জনগণের চাহিদা অনুযায়ীই উচ্ছেদ অভিযান’

মিরপুরবাসীর সহযোগিতা চেয়ে প্রশাসক বলেন, গত কয়েক দিন ধরে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং জনগণের চাহিদা অনুযায়ীই এ কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ‘এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

হামলায় সাংবাদিকেরা আহত হওয়ায় তাদের পাশে থাকার কথা জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘যারা আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ওপর হামলা করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উচ্ছেদ অভিযানের সময় পুলিশ সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘উচ্ছেদ অভিযানে পুলিশ এলো। আমরা এসে একজন পুলিশ সদস্যকেও পাইনি। তাহলে তাদের প্রস্তুতি কোথায় ছিল?

মিরপুর-১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত ফুটপাত ভাঙচুর

পরে মিরপুর-১০ নম্বর থেকে ১৪ নম্বরের দিকে দুই পাশের সড়কের ফুটপাত ভেঙে গুঁড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় ভারী যানবাহনে ফুটপাতের বিভিন্ন মালামাল তুলে নিতে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।