রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় এসে লাশ ইসমাইলের,এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ, উধাও ৫ লাখ টাকা ও দুই মোবাইল—হত্যা নাকি অজ্ঞান পার্টির ফাঁদ?

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

মো. ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করতে জমি বিক্রির নগদ টাকা নিয়ে জামালপুর থেকে ঢাকায় এসেছিলেন মো. ইসমাইল হোসেন (৫০)। কিন্তু স্বজনদের সঙ্গে দেখা করার আগেই রহস্যজনকভাবে প্রাণ হারালেন তিনি। রাজধানীর বনানী এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হয়েছে তার মরদেহ। মৃত্যুর পর তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি বাজারের ব্যাগের কোনো হদিস পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার রাজধানীর বনানী এলাকা থেকে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইসমাইল জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি ডেল্টা স্পিনিং মিলে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। প্রায় ৯ মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন। এরপর স্ত্রী, দুই সন্তান ও পুত্রবধূকে নিয়ে কিছুদিন কাশিমপুরে থাকলেও গত চার মাস ধরে গ্রামের বাড়িতে বসবাস করছিলেন। তার স্ত্রী, মেয়ে ও ছেলে পরিবারসহ গাজীপুরে থাকেন।

রাতের ফোনের পরই নিখোঁজ

নিহতের ছেলে হাসান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাবার সঙ্গে তার ফোনে কথা হয়। তখন ইসমাইল জানিয়েছিলেন, তিনি সকালে ঢাকায় পৌঁছাবেন। প্রথমে তার গাজীপুরের জিরানীতে যাওয়ার কথা ছিল।

হাসান বলেন, নির্ধারিত সময়ে বাবাকে ফোন করতে থাকলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে বনানী থানা থেকে গ্রামের বাড়ির পুলিশ ফাঁড়ির মাধ্যমে পরিবারের সদস্যদের জানানো হয় ইসমাইলের মৃত্যুর খবর।

স্বজনদের দাবি, ইসমাইলের পরনে তখন শুধু শার্ট ও লুঙ্গি ছিল। অথচ তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং বাজারের ব্যাগ—কোনোটিই পাওয়া যায়নি।

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি

পরিবার সূত্রে জানা গেছে, ছোট মেয়ে শারমিনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত করতেই ঢাকায় আসছিলেন ইসমাইল। বিয়ের খরচ জোগাতে সম্প্রতি তিনি ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন।

জমি বিক্রির টাকা থেকে ২ লাখ টাকা ঋণ পরিশোধ করেন। গ্রামে ঘর তৈরির কাজেও কিছু টাকা খরচ করেন। সব খরচ বাদ দিয়ে অবশিষ্ট ৫ লাখ টাকা নগদে নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি।

কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ পথচলা। মেয়ের বিয়ের স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হওয়া ইসমাইলের মরদেহ মিলল রাজধানীর এক্সপ্রেসওয়েতে।

হত্যা, নাকি অজ্ঞান পার্টির ফাঁদ?

বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এটি হত্যাকাণ্ড নাকি মলম পার্টি বা অজ্ঞান পার্টির সদস্যদের কাজ—তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ ৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধারে চেষ্টা চলছে।

ইসমাইলের মৃত্যু ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন—মেয়ের বিয়ের জন্য জমানো ৫ লাখ টাকা নিয়ে ঢাকায় আসা মানুষটির সঙ্গে কী ঘটেছিল? কারা তার সঙ্গে ছিলেন? কীভাবে তার মৃত্যু হলো? আর কোথায় গেল সেই টাকা ও মোবাইল ফোন?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।