বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে গরুবোঝাই ‘লাটা হাম্বা’ গাড়ির মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ১১

Link Copied!

ছবি : সমতল মাতৃভূমি

মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবোঝাই স্যালো ইঞ্জিনচালিত ‘লাটা হাম্বা’ গাড়ির ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। নিহত উজ্জ্বল হোসেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন— ইসমাইল হোসেন (মনাখালী), মো. ইসলাম (পিতা: লুৎফর দফাদার, মনাখালী), ইসরাফিল হোসেন (নতুনগ্রাম), উসমান আলী (৪২, নতুনগ্রাম), আব্বাস আলী (নতুনগ্রাম), মো. কবির হোসেন (৩৬, নতুনগ্রাম), ছাবদার আলী (মনাখালী), আলমগীর হোসেন (৪০, মনাখালী) এবং কালাম হোসেন (৪০, নতুনগ্রাম)সহ আরও কয়েকজন। আহত সবাই মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা প্রায় ১২টার দিকে মেহেরপুর মহাসড়ক হয়ে আলমডাঙ্গার উদ্দেশ্যে গরুবোঝাই একটি স্যালো ইঞ্জিনচালিত ‘লাটা হাম্বা’ গাড়ি যাচ্ছিল। গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রচণ্ড গতিতে একটি টিনশেডের ইটের দোকানে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়িটি উল্টে বোয়ালিয়া সড়কের ওপর ছিটকে পড়ে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা গরু ব্যবসায়ীরা ও গরুগুলো চারদিকে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গাংনী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় গাড়িতে থাকা কয়েকটি গরুও মারাত্মক আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থলে রাখা তিন থেকে চারটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো সেদিনও দোকানের সামনে লোকজন মোটরসাইকেল রেখে চায়ের দোকানে বসেছিলেন। দুর্ঘটনার সময় তারা দোকানের ভেতরে থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে অল্পের জন্য রক্ষা পান। তাদের ধারণা, যদি সবাই বাইরে দাঁড়িয়ে থাকতেন, তাহলে নিহতের সংখ্যা আরও বেড়ে যেতে পারত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িতে অতিরিক্ত গরু বোঝাই থাকায় ভারসাম্য নষ্ট হয়। মোড়ে এসে গাড়ি দুলে উঠলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।