হেযবুত তওহীদের ৩১তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী
হেযবুত তওহীদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় আইসিসিবি কনভেনশনে কোরান তেলাওয়াত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে আসা কয়েক হাজার নেতৃবৃন্দ অংশ নেন।
দিনব্যাপী আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন হেযবুত তওহীদের এমাম (সভাপতি) হোসাইন মোহাম্মাদ সেলিম। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো বর্তমানে নির্বাচনের মাঠে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। কারণ, মানবরচিত ব্যবস্থার মাধ্যমে সমাজে প্রকৃত ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব।’ বিদ্যমান এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার পক্ষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
হোসাইন মোহাম্মাদ সেলিম বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে রাজনৈতিক দলগুলোর পালাবদলে ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশে। কিন্তু মানুষ কোন অবস্থাতেই শান্তি পায়নি। এই সিস্টেমে আগামীতেও শান্তি মিলবে না। একমাত্র আল্লাহর দেওয়া বিধান মানব জীবনে কার্যকরী করলেই মিলবে শান্তি। আর সেই প্রস্তাবনা তুলে ধরছে হেযবুত তওহীদ।’
এসময় দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হেযবুত তওহীদের এই আহ্বানকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম। নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচয়ের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি
