চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বিকেলে। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতির নামে কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা কেউ বসে থাকবো না—শক্ত হাতে প্রতিহত করবো।
শনিবার বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। চাঁদপুর ছাড়াও আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
“বিএনপির রাজনীতি মানে মানুষের ভাগ্য পরিবর্তন”
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। তিনি উল্লেখ করেন,
“বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন মিল-কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছে এবং এখন দেশের মানুষ নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়েছে। তাই এখন সময় দেশ গড়ার।
“এখন সময় কাজ করার, দেশ গড়ার”
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় কাজ করার, এখন সময় দেশ গড়ার। আসুন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—‘করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। ধাপে ধাপে এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চাঁদপুরের উন্নয়নে আশ্বাস
অনুষ্ঠানে চাঁদপুরে একটি ইপিজেড স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন দাবির প্রতি ইতিবাচক সমর্থনের কথাও জানান প্রধানমন্ত্রী।
১০ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। তাদের মধ্যে ছিলেন হাসিনা খাতুন, সোহাগী আখতার, ফাতেমা খাতুন, আমেনা খাতুন, মোসেদা বেগম, মনোয়ারা বেগম, মাহমুদা খাতুন, রুমা আখতার, নাজমা বেগম ও তাসলিমা।
ফ্যামিলি কার্ড পাওয়া রুমা আখতার ও মনোয়ারা বেগম সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য দেন।
মন্ত্রী-এমপিদের উপস্থিতি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ স্থানীয় সংসদ সদস্য ও জেলা নেতারা।
এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।
