নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় ১ হাজার ১০৭ বোতল স্ক্যাপ সিরাপসহ ফারুক নামে এক কথিত মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ফারুক রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিকশায় কয়েকটি বস্তা নামানোর সময় তল্লাশি চালিয়ে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকেই ফারুককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত ফারুককে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জে পাঠানো হয়।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান আরও জোরদার করা হবে।
