দেয়াল টপকে কার্যালয়ে প্রবেশ, খুলে নেওয়া হয়েছে সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র। ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের প্রধান গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের নাম ব্যবহার করে জমির ভাড়া দাবি করে একদল ব্যক্তি কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। হামলাকারীরা কয়েক লাখ টাকার পণ্য, একাধিক ল্যাপটপ, সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নিয়ে গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজ-সংলগ্ন এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একদল লোক কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে তাদের কয়েকজন দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। এরপর গুদামে ঢুকে সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নেয়। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাশাপাশি কয়েকটি ল্যাপটপ ও গুদামে থাকা পণ্য লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
পুলিশ জানায়, এ জে আর কুরিয়ার সার্ভিস শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমি ভাড়া নিয়ে সেখানে নিজেদের প্রধান গুদাম ও কার্যালয় স্থাপন করেছে। চুক্তি অনুযায়ী এত দিন প্রতিষ্ঠানটি শিকদার গ্রুপকে জমির ভাড়া দিয়ে আসছিল।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দাবি করে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে। অন্যথায় ওই জায়গায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় তারা।
এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের নিরাপত্তা, ব্যবসায়িক কার্যক্রম এবং পণ্য ও সম্পদের সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলাকারীদের পরিচয়, লুট হওয়া মালামালের সুনির্দিষ্ট পরিমাণ এবং ভাড়া দাবির সঙ্গে শিকদার গ্রুপের মালিকের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে একদল ব্যক্তি এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ভাঙচুর ও হুমকি দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
