নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের। ছবি : সংগৃহীত
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল গনি শেখ-এর বিরুদ্ধে কথিত মব সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আলহাজ্ব আব্দুল গনি শেখ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও উদ্বেগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জুন ২০২৬ জিয়ানগর উপজেলার বালিপাড়া এলাকায় আলহাজ্ব আব্দুল গনি শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে একই এলাকার বিএনপির পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তি নিজেদের নাম কমিটিতে অন্তর্ভুক্ত না হওয়ায় পরিকল্পিতভাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল গনি শেখকে লাঞ্ছিত করেন এবং তাঁর বিরুদ্ধে মব সৃষ্টি করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একই দিন রাতে আলহাজ্ব আব্দুল গনি শেখের মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত ইট-বালুবাহী ট্রলার এবং ট্রলারে থাকা তাঁর মেয়ের জামাতা মোঃ খলিল ও এক শ্রমিককে অপহরণ করা হয়। পরবর্তীতে ঘটনাটির মীমাংসা হলেও একটি কুচক্রী মহল তাঁর বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
এছাড়া তাঁকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখানো, পরিবারের নারী সদস্যদের তুলে নেওয়ার হুমকি দেওয়াসহ বিভিন্নভাবে মানসিক বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
ঢাকা প্রেস ক্লাবের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার কারণে ৭৫ বছর বয়সী আলহাজ্ব আব্দুল গনি শেখ চরম মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তিনি সরকারের কাছে ন্যায়বিচার ও নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিবৃতিতে সমর্থন ও সংহতি প্রকাশ করেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া, বিচারপতি ছিদ্দিকুর রহমান, প্রফেসর মোঃ মাসুদ এ খান, শেখ আয়ুব আলী, কাজী হায়াৎ, মোঃ মনোয়ার হোসেন, জাতীয় ফুটবলার মোঃ কাউসার হামীদ, অধ্যাপক ডা. হরিদাশ বিশ্বাসসহ ঢাকা প্রেস ক্লাব, সাংবাদিক সংগঠন, গণমাধ্যম, শিক্ষা, আইন, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের অসংখ্য বিশিষ্ট ব্যক্তি।
উল্লেখ্য, এ সংবাদে বর্ণিত অভিযোগগুলো ঢাকা প্রেস ক্লাবের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত দাবির ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বা স্বাধীনভাবে যাচাইয়ের তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে প্রকাশ করা হবে।
