বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসির কঠোর ভূমিকার দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি:বাসস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) আইনানুগ দায়িত্ব পালনে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন যেন তাদের আইনানুগ দায়িত্ব নিরপেক্ষভাবে ও কঠোরতার সঙ্গে পালন করে—সে অনুরোধ জানাতেই বিএনপি নির্বাচন কমিশনে এসেছে।

নজরুল ইসলাম খান অভিযোগ করে আরও বলেন, কিছু ব্যক্তি নিজেদের অতিমাত্রায় ক্ষমতাবান মনে করে যে কোনো ভাষায় কথা বলছেন, যা কেবল নির্বাচনী আচরণবিধিরই লঙ্ঘন নয়, বরং দেশের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিরও পরিপন্থী। এ ধরনের আচরণ বন্ধে নির্বাচন কমিশনের সক্রিয় ও কার্যকর নজরদারি প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা যেন কোনোভাবেই কোনো বিশেষ দল বা প্রার্থীর পক্ষে গেছে—এমন ধারণা জনমনে সৃষ্টি না করে। নির্বাচনী আইন ও আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
নির্বাচনের সার্বিক পরিবেশ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি দেখা যায়নি, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ভোটগ্রহণের আগে এখনো সময় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ফলে তারা নিজেদের আচরণে নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে না বলেই বিএনপি আশাবাদী।

প্রচারণা পর্যায়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আল্লাহর মেহেরবানিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তারা বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনে বিএনপি ও তাদের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন।
ব্যালট বাক্স পরিবহন বিষয়ে তিনি বলেন, দেশের অনেক ভোটকেন্দ্র দুর্গম হওয়ায় সকালে ব্যালট বাক্স পৌঁছানো সব সময় সম্ভব হয় না। এ কারণে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পাশাপাশি সেগুলো যেন প্রিজাইডিং অফিসারের ব্যক্তিগত হেফাজতে না থেকে এজেন্টদের উপস্থিতিতে প্রকাশ্য স্থানে রাখা হয়—এমন দাবি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদের বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলাও জরুরি। জনগণ এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেন।

এ সময় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার ড. জাকারিয়া এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।