বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, জবাবদিহি চায় এইচআরএসএস

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মৃত্যুদণ্ড কার্যকরের আগে কূটনৈতিক মিশন অবগত ছিল কি না, তা নিয়ে উদ্বেগ; নিরপেক্ষ তদন্ত ও বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিতের দাবি। ছবি-সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। ঘটনার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কূটনৈতিক মিশনের ভূমিকা খতিয়ে দেখা এবং বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এসব দাবি জানায় এইচআরএসএস। সংগঠনটির মতে, বিদেশে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে কূটনৈতিক মিশন অবগত ছিল না?

বিবৃতিতে গণমাধ্যমের তথ্যের বরাতে বলা হয়, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কূটনৈতিক মিশন বিষয়টি অবহিত ছিল না বলে জানা গেছে।

এমন তথ্য প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা, কনস্যুলার সহায়তা এবং বিদেশে আটক নাগরিকদের বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে বলে মনে করছে এইচআরএসএস।

সংগঠনটির বক্তব্য, দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, তাঁদের বিচারপ্রক্রিয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আইনি সহায়তা পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা প্রয়োজন। বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মন্ত্রণালয় ও দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাস ও কনস্যুলেটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এইচআরএসএস।

সংগঠনটির দাবি, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলার তথ্য ছিল কি না, থাকলে কী ধরনের কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং বিষয়টি যথাসময়ে জানা না যাওয়ার কারণ কী—এসব প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

দায়িত্বে অবহেলা কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ছিল কি না, তা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তদন্তে দায়িত্বে অবহেলা বা ব্যর্থতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

মামলার পূর্ণাঙ্গ নথি প্রকাশের দাবি

এইচআরএসএসের দাবিগুলোর মধ্যে রয়েছে, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে দুই বাংলাদেশির মামলা, বিচার, দণ্ডাদেশ ও মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ণাঙ্গ নথি সংগ্রহ করে জনসমক্ষে প্রকাশ করা।

একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে এ ঘটনায় তাদের ভূমিকা এবং সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে জানা না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে।

নিহত দুই বাংলাদেশির পরিবারের কাছে ঘটনার প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া, তাঁদের সহায়তা নিশ্চিত করা এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ণাঙ্গ ব্যাখ্যা সংগ্রহেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের আইনি সুরক্ষা নিশ্চিতের আহ্বান

শুধু মক্কার এই ঘটনা নয়, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে আটক বাংলাদেশিদের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছে এইচআরএসএস।

সংগঠনটির দাবি, বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের একটি হালনাগাদ তালিকা তৈরি করতে হবে। বিশেষ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং গুরুতর মামলায় অভিযুক্ত ব্যক্তিদের জন্য যোগ্য আইনজীবী নিয়োগ, নিয়মিত কনস্যুলার যোগাযোগ ও আইনসম্মত আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে।

বিদেশে বাংলাদেশিদের গ্রেপ্তার, বিচার ও দণ্ডাদেশের তথ্য দ্রুত সংগ্রহ এবং নিয়মিত অনুসরণের পাশাপাশি জরুরি আইনি সহায়তা নিশ্চিত করতে মন্ত্রণালয়, দূতাবাস ও কনস্যুলেটের মধ্যে কার্যকর সমন্বয়ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকতে পারে না রাষ্ট্রের দায়িত্ব

এইচআরএসএস বলেছে, প্রবাসী নাগরিকদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্ব কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকতে পারে না। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক গুরুতর মামলায় আটক হলে তাঁর বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ নিশ্চিত করা জরুরি।

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কোনো অবহেলা বা ব্যর্থতা ঘটে থাকলে তা চিহ্নিত করে দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশের কারাগারে আটক সব বাংলাদেশির ন্যায়বিচার ও কার্যকর আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এইচআরএসএসের মূল দাবি—দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কী ঘটেছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী জানত এবং নাগরিকদের সুরক্ষায় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়েছিল কি না, তা স্পষ্ট করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।